29/12/2024
ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা উন্মুক্ত
আবু ধাবি: বাংলাদেশিদের জন্য ভ্রমণসহ বিভিন্ন ধরনের ভিসা উন্মুক্ত হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে। এ তথ্য নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি।
সোমবার (২৩ ডিসেম্বর) দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, "জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভিসা জটিলতা দূর হবে। বাংলাদেশিদের জন্য বিশেষ করে ভ্রমণ ভিসা উন্মুক্ত করা হবে।" বর্তমানে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য আমিরাতের ভিসা বন্ধ থাকলেও বাংলাদেশের জন্য এটি এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। উল্লেখ্য, আমিরাতে বর্তমানে প্রায় ১২ লাখ বাংলাদেশি বাস করছেন।
অনুষ্ঠানে সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারী বলেন, "আমিরাতে বাংলাদেশিদের শ্রমের অবদান অসামান্য। বিশেষ করে নির্মাণকাজ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।" তিনি আরও যোগ করেন, "দক্ষ শ্রমিকসহ অন্যান্য পেশায় সুযোগ বাড়ানো এবং ভিসা প্রক্রিয়া সহজ করা জরুরি।"
বাংলাদেশ-আমিরাত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "আমিরাতের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন। ভবিষ্যতে এ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, ড. রেজা খান এবং দুবাইয়ের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশফাক হোসেন।