22/05/2026
কুরবানির পশু নির্বাচনে দাঁত নয়, মূল বিবেচ্য বিষয় বয়স।
,
কুরবানির মৌসুমে একটি প্রচলিত ভুল ধারণা হলো—পশুর দাঁত পড়লেই (দাতিলে)কুরবানি বৈধ হয়ে যায়। অথচ ফিকহের কিতাবসমূহের আলোকে কুরবানির বৈধতার মূল শর্ত হলো শরিয়ত নির্ধারিত বয়স পূর্ণ হওয়া। দাঁত সাধারণত বয়স নির্ণয়ের একটি আলামত মাত্র; এটি নিজেই কোনো স্বতন্ত্র শর্ত নয়, অনেক সময় দুই বছর পূর্ণ হলেও দাত পড়ে না।
হাদীসের নির্দেশনা
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—
لَا تَذْبَحُوا إِلَّا مُسِنَّةً، إِلَّا أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ، فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ
তোমরা নির্ধারিত বয়সে উপনীত পশু (মুসিন্নাহ) ছাড়া জবাই করো না। তবে যদি তা তোমাদের জন্য কষ্টকর হয়, তাহলে ভেড়ার জাযাআ (অল্পবয়সী কিন্তু হৃষ্টপুষ্ট ভেড়া) জবাই করতে পারো।
— সহীহ মুসলিম, হাদীস: ১৯৬৩
ফিকহের কিতাবে বয়সের বিধান
হানাফি ফিকহের প্রসিদ্ধ গ্রন্থ আল-হিদায়াহ-এ বলা হয়েছে—
الثَّنِيُّ مِنَ الْإِبِلِ مَا أَتَمَّ خَمْسَ سِنِينَ، وَمِنَ الْبَقَرِ مَا أَتَمَّ سَنَتَيْنِ، وَمِنَ الْمَعْزِ مَا أَتَمَّ سَنَةً
উটের সানি হলো যা পাঁচ বছর পূর্ণ করেছে, গরুর সানি হলো যা দুই বছর পূর্ণ করেছে এবং ছাগলের সানি হলো যা এক বছর পূর্ণ করেছে।
— আল-হিদায়াহ, কিতাবুল উযহিয়্যাহ
এছাড়া ফাতাওয়া হিন্দিয়্যাহ-তে এসেছে—
وَشَرْطُهَا السِّنُّ، فَلَا يُجْزِئُ مِنَ الْإِبِلِ إِلَّا مَا أَتَمَّ خَمْسَ سِنِينَ، وَلَا مِنَ الْبَقَرِ وَالْجَامُوسِ إِلَّا مَا أَتَمَّ سَنَتَيْنِ، وَلَا مِنَ الْمَعْزِ إِلَّا مَا أَتَمَّ سَنَةً
“কুরবানির পশুর ক্ষেত্রে বয়স শর্ত। উটের মধ্যে পাঁচ বছর পূর্ণ না হলে, গরু-মহিষের মধ্যে দুই বছর পূর্ণ না হলে এবং ছাগলের মধ্যে এক বছর পূর্ণ না হলে তা যথেষ্ট হবে না।”
— ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ, ৫/২৯৭
মনে রাখুন
✅ গরু ও মহিষের বয়স পূর্ণ দুই বছর হতে হবে।
✅ ছাগলের বয়স পূর্ণ এক বছর হতে হবে।
✅ বয়স পূর্ণ হলে দাঁত না পড়লেও কুরবানি সহীহ হবে।
❌ বয়স পূর্ণ না হলে দাঁত পড়ে গেলেও বা দুই দাঁত উঠলেও কুরবানি সহীহ হবে না।
❌ বয়স পূর্ণ হতে এক-দুই দিন বাকি থাকলেও কুরবানি আদায় হবে না।
কুরবানির পশু কেনার সময় করণীয়
পশু কেনার সময় শুধু দাঁত দেখে সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট নয়। যথাসম্ভব মালিকের তথ্য, খামারের রেকর্ড, ক্রয়-বিক্রয়ের তথ্য বা নির্ভরযোগ্য উপায়ে পশুর বয়স যাচাই করা উচিত। কারণ কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বয়সের শর্ত পূরণ না হলে টাকা খরচ হবে, গোশতও খাওয়া হবে; কিন্তু ওয়াজিব কুরবানি আদায় হবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাসআলা জেনে সহীহভাবে কুরবানি আদায় করার তাওফীক দান করুন। আমীন।