09/08/2026
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই🤝
🚨 থানচিতে পর্যটক হেনস্তা, অশোভন আচরণ ও ট্রাভেল কমিউনিটিকে হেয় করার ঘটনায় ওটাবের তীব্র নিন্দা
সম্প্রতি থানচিতে একটি ট্রাভেল গ্রুপের অ্যাডমিন ও পর্যটকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হেনস্তা ও গালিগালাজের অভিযোগ এবং নারী পর্যটকের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় অনলাইন ট্যুরিজম অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওটাব) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে।
একই সঙ্গে ট্রাভেল গ্রুপের অ্যাডমিন ও ট্যুর অপারেটরদের উদ্দেশ্যে “ট্যুর গাইড”, “দালাল” ও “ইভেন্ট ব্যবসায়ী”—এ ধরনের অবমাননাকর ও অসম্মানজনক শব্দ ব্যবহার করে হেয় করার প্রবণতাও অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে মতভেদ কিংবা কোনো অভিযোগ থাকলে তা অবশ্যই শালীনতা, পারস্পরিক সম্মান ও প্রচলিত নিয়মের মধ্যে সমাধান করা উচিত।
পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে থানচির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। তাদের নিরাপত্তা, সম্মান এবং স্বাভাবিকভাবে ভ্রমণের পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। কোনো পর্যটক বা ট্রাভেল গ্রুপের সদস্যকে হেনস্তা, গালিগালাজ বা অসম্মান করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে নারী পর্যটকের সঙ্গে যেকোনো ধরনের অশোভন আচরণের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
থানচির পর্যটন শিল্প স্থানীয় গাইড, ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং পর্যটক—সবার সম্মিলিত অংশগ্রহণে এগিয়ে যাচ্ছে। তাই পারস্পরিক সহযোগিতা ও সম্মানের পরিবর্তে বিভাজন, অপমান এবং হয়রানির পরিবেশ তৈরি হলে তা পুরো পর্যটন খাতের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে।
ওটাব প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে, ঘটনাগুলো নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো পর্যটক, ট্রাভেল গ্রুপ বা নারী পর্যটক এমন পরিস্থিতির শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
পর্যটক আমাদের অতিথি—তাদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব।
✊ অনলাইন ট্যুরিজম অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওটাব)