04/03/2025
বন্ধ করে দেয়া হতে পারে যে ৪টি স্থলবন্দর!
নৌপরিবহন মন্ত্রণালয় সুপারিশ করেছে, দেশের চারটি স্থলবন্দর পুরোপুরি বন্ধ রাখা হোক। এই বন্দরগুলো হলো নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ, রাঙামাটির তেগামুখ এবং হবিগঞ্জের বাল্লা।
নৌপরিবহন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখে কোনো অবকাঠামো নেই, যার কারণে এই বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। অপরদিকে, হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের অবকাঠামো নির্মিত হলেও, ভারতীয় অংশের অবকাঠামো ও সড়ক না থাকায় এটি কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
গত নভেম্বর মাসে দেশের আটটি স্থলবন্দরের কার্যকারিতা মূল্যায়ন করতে একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি আরো চারটি স্থলবন্দর চালু রাখার শর্তসাপেক্ষে সুপারিশ করেছে। এসব বন্দরের মধ্যে ময়মনসিংহের গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দরের দুটি স্থানের পরিবর্তে একটি স্থানে কার্যক্রম চালু রাখার কথা বলা হয়েছে। এছাড়া, শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরকে আয়-ব্যয়ের ভিত্তিতে কার্যক্রম গতিশীল করার পরামর্শ দেওয়া হয়েছে।
কমিটির মতে, জামালপুরের ধানুয়া কামালপুর স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে এবং ন্যূনতম জনবল দিয়ে এটি চালু রাখা সম্ভব। দিনাজপুরের বিরল স্থলবন্দরে রেলপথের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখা যেতে পারে।
এ সকল সুপারিশের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটি কাজ করেছে।
এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন দেশের বিভিন্ন স্থলবন্দর পরিদর্শন করেছেন এবং এসব বন্দরের কার্যক্রম মূল্যায়ন শেষে এই প্রতিবেদন জমা দিয়েছেন।
বন্ধ করে দেয়া হতে পারে যে ৪টি স্থলবন্দর | Port Shutdown | ATN News #এটিএননিউজ ...