16/10/2025
সতর্কীকরণ বিজ্ঞপ্তি:
বিষয়ঃ- আকর্ষণীয়, অধিক মূল্য ছাড় ও অফারে এয়ার টিকেট ক্রয়ে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সতর্কীকরণ।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কতিপয় অসাধু প্রতারক চক্র ট্রাভেল এজেন্সির নামে বিভিন্ন সময়ে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় অবাস্তবভাবে ১৫% থেকে ২০% আকর্ষণীয় মূল্য ছাড়ে এয়ার টিকেট বিক্রয়ের প্রচার চালানোর মাধ্যমে ক্রেতাদের প্রলুব্ধ করছে। প্রকৃতপক্ষে কোন এয়ারলাইন্স কোন সময়েই ৭% থেকে ১০% ছাড়/কমিশনের দেয় না। এ ছাড়াও কিছু ব্যক্তি আগে-পরে আকর্ষণীয় অফারের মাধ্যমে বি টু বি ও বি টু সি fare নিচ্ছে টিকেট বিক্রয়ের নামে প্রতারণা করছে। কতিপয় প্রতারক চক্র ট্রাভেল এজেন্সির নাম ও ফ্লাইটের এগ্রিমেন্ট দেখিয়ে সরলপ্রাণ যাত্রীদের কাছ থেকে নগদে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিয়ে এজেন্সি কাউন্টার বা মোবাইল ফোন বন্ধ রেখে পালিয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ ক্রেতাসাধারণ ও ট্রাভেল এজেন্টরা আর্থিক ক্ষতির মুখে পড়ছে। এছাড়া কোন ক্ষেত্রে এর চেয়েও কম মূল্যের লোভনীয় টিকেট ও ভ্রমণ প্যাকেজ বিক্রয়ের ফাঁদে ফেলে ভ্রমণপিপাসু যাত্রীসাধারণ, প্রবাসী ও এজেন্টদের থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। "হালট্রিপ" (GTA), "২৪টিকেট ডট কম" (Flight Expert)"লেটস্ ফ্লাই, Fly Far International" নামে ট্রাভেল এজেন্সীগুলো যাত্রীসাধারণের বিপুল পরিমাণ টাকা নিয়ে উধাও হয়েছে।
অতএব, যাত্রীসাধারণ, এজেন্সী ও সংশ্লিষ্ট সকলকে এয়ার টিকেট, ভ্রমণ প্যাকেজ ক্রয়ের ক্ষেত্রে পূর্ণ সতর্কতা অবলম্বন করা সহ আকর্ষণীয় মূল্যছাড় ও লোভনীয় প্যাকেজ এর ফাঁদে পা না দিয়ে প্রতিষ্টিত, বৈধ লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সীদের নিকট থেকে উপযুক্ত মূল্য যাচাইপূর্বক প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।