29/04/2026
রাষ্ট্র আমার সন্তানকে হাম উপহার দিলো।
আজ থেকে ৭ মাস আগে এভাবেই সন্তানকে প্রথম কোলে নিয়েছিলাম। তারপর থেকে একটু একটু করে সে বড় হয়ে উঠলো। হাসি শিখলো। অফিস থেকে এসেই আমি প্রথমে তাকে ডাক দেই "বাবা...."। সাথে সাথেই একটা ফিক করে হাসি দেয়। আমার ছেলে জন্মের পর শুধু ক্ষুধা লাগলে কাদে। কাদলে বুঝতাম খাওয়াতে হবে। খাওয়ানো শুরু আর চুপ। কোনদিন সে সারারাত আমাদের জাগিয়ে রাখেনি। কি লক্ষী বাচ্চা আমার, কাঁদে না, রাত জাগেনা। এবার জ্বর শুরুর প্রথম এক মাস সে একশো এক ডিগ্রি জ্বর নিয়েও কখনো কাঁদেনি। ঐ অবস্থাতেও আমাকে দেখলে হাসতো।
সেই ছেলে আমার কিছুদিন হলো ঘন্টার পর ঘন্টা একটানা কাঁদে। ঘুমাতে চায়না। পরীক্ষা করে দেখলাম নিউমোনিয়া। দেড়ি না করে হাসপাতালে ভর্তি করলাম। গতকাল আমি অফিস গেছিলাম। যতক্ষণ আমি ছিলাম না সে একটা মিনিটও কান্না থামায়নি। আমি আসার পর একটু কোলে নিয়ে গল্প করার সাথেই চুপ। জানিনা আমার জন্যই অপেক্ষা করছিল কিনা। আজ তার শরীর হামে ভরে গেছে।
বিয়ের ছয় বছর পর আমাদের আল্লাহ একটা ছেলে দিয়েছে। কি সুন্দর দেখতে আমার ছেলেটা। সেই সুন্দর শরীরের প্রতিটা জায়গায় এখন হাম। হাসি সে ভুলে গেছে, এখন তার ভাষাই হলো কান্না।
আজ সারাদিন অনেক কেঁদেছি। ছেলের কাছে মাফ চেয়েছে বহুবার। এই দেশে তাকে জন্ম দেবার জন্য মাফ চেয়েছি। এমন এক দেশে তাকে এনেছি যেই দেশের নেতারা জ্বর হলেও সিঙ্গাপুর যায়। তাদের সন্তানরা বিদেশে উন্নত জীবন যাপন করে। গত কয়েকবছর নাকি আমাদের সন্তানদের জন্য টিকা কেনার প্রয়োজন তারা মনে করেনি। আর সেই হাম মহামারী হয়ে আমার সন্তানের শরীরে চলে এসেছে।
সরি বাবা, আমি সত্যি অনেক সরি