09/03/2026
কখনো কি ভেবে দেখেছো, কোনো মানুষ কোনো প্রমাণ ছাড়াই তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে কেন? কারণ সে তোমাকে যুক্তি দিয়ে না, হৃদয় দিয়ে চায়। সে তোমার চোখে মিথ্যার ছায়া দেখতে চায় না, দেখতে চায় সত্যের নিশ্চয়তা। ভালোবাসা আর বিশ্বাস দুটোই অদৃশ্য, কিন্তু অনুভূতি খুবই ভারী। যখন কেউ তোমাকে নিঃশর্তভাবে বিশ্বাস করে, তখন সে নিজের দুর্বল জায়গাটা তোমার হাতে তুলে দেয়। সে ভাবে, এই মানুষটা আমাকে ভাঙবে না। অথচ তুমি যদি সেই বিশ্বাসকে ব্যবহার করো ঢাল হিসেবে মিথ্যা ঢাকতে, অজুহাত বানাতে, কিংবা নিজের স্বার্থ হাসিল করতে তাহলে তুমি শুধু একটা কথা ভাঙো না, একটা মানুষকে ভেঙে দাও।
বিশ্বাস প্রমাণ দিয়ে তৈরি হয় না, কিন্তু প্রমাণ দিয়েই অনেক সময় ভেঙে যায়। মিথ্যা একবার ধরা পড়লে, সত্য হাজারবার বললেও সন্দেহ থেকে যায়। কারণ বিশ্বাস হলো কাঁচের মতো একবার ফাটল ধরলে জোড়া লাগে ঠিকই, কিন্তু দাগ থেকে যায়। আর সেই দাগই মনে করিয়ে দেয়, কখনো এখানে ভাঙন ধরেছিল। কিছু মানুষ থাকে, যারা তোমাকে এতটাই ভালোবাসে যে তোমার ভুলকেও তারা নিজের ভুল ভেবে নেয়। তারা তোমার জন্য অজুহাত খুঁজে দেয়, অন্যদের সামনে তোমাকে সাপোর্ট করে, তোমার কথাকে সত্যি ধরে নেয়। কিন্তু মনে রেখো, তাদের নীরবতা দুর্বলতা নয়, তাদের বিশ্বাস সরলতা নয়। এটা তাদের হৃদয়ের পবিত্রতা।
তুমি যখন চোখে চোখ রেখে মিথ্যা বলো, আর সামনের মানুষটা হাসিমুখে সেটা মেনে নেয়, তখন সে বোকা না, সে তোমাকে সুযোগ দিচ্ছে। সুযোগ সত্য হওয়ার, মানুষ হওয়ার ও সম্পর্কটাকে বাঁচানোর। কিন্তু সেই সুযোগের অপব্যবহার করলে একসময় সে চুপ হয়ে যাবে। আর তার সেই চুপ হয়ে যাওয়া হবে বড় শাস্তি। কারণ যে মানুষটা একদিন তোমার উপর অন্ধের মতো বিশ্বাস করতো, সে যদি একদিন তোমার নাম শুনে নির্লিপ্ত হয়ে যায় তার মানে তুমি হেরে গেছো। সম্পর্ক হারানো শুধু মানুষ হারানো নয়, সেটা নিজের একটা সুন্দর সংস্করণ হারানো। বিশ্বাস ভাঙা সহজ, কিন্তু বিশ্বাস অর্জন করতে লাগে সময়, ধৈর্য, আর স্বচ্ছ মন।
ভালোবাসা প্রমাণ চায় না, চায় সম্মান। বিশ্বাস কাগজে লেখা চুক্তি নয়, এটা দুইটা হৃদয়ের নীরব প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতির মর্যাদা রাখতে শিখো। কারণ একবার যদি কেউ মনে মনে বলে দেয়, এই মানুষটার উপর আর ভরসা নেই, তাহলে হাজার প্রমাণেও আর আগের জায়গায় ফেরা কখনো সম্ভব না। বিশ্বাসকে পুঁজি করে কখনো খেলনা বানাবে না। এটা কারো জীবনের সবচেয়ে সুন্দর উপহার হতে পারে আবার সবচেয়ে গভীর ক্ষত।