07/11/2023
২০২৩....
অনেক দিনের প্লানের পর ক্যাম্পাসের বন্ধুদের সাথে প্রথম এবং জীবনের অন্যতম সেরা একটা ট্যুর ছিলো বান্দরবান এর আলিকদম উপজেলার মারায়ন পাহাড়ে....
মেঘ দেখতে আমরা দার্জিলিং যাই, শিলং যাই কিংবা দেশের ওভাররেটেড জায়গা সাজেক যাই; কিন্তু কে জানত, দেশের মধ্যেই এমন জায়গা আছে, যেখানে সত্যিকারের মেঘ এসে নিত্য ভিজিয়ে দেয়, ঝাপসা করে দেয় চারদিক! পাহাড়ের কোলে জমে থাকা মেঘগুলোকে মনে হয় নদী কিংবা জলাশয়। এই যেন আপনি ডুবে গেলেন!
মারায়ন তং জাদিতে দাঁড়িয়ে এমন সুখ পাওয়া কেবলই রোমাঞ্চকর নয়; বরং সেখানে চ্যালেঞ্জটাই মুখ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাহাড়ের উচ্চতা ১৬৬০ ফুট। পাহাড়ের ভাঁজে ভাঁজে নৈসর্গিক রূপ দেখার তীব্র লালসায় আমরা চারজন ছুটে যাই বান্দরবানের আলীকদম উপজেলার মারায়ন তং জাদি পাহাড়ে।
এই পাহাড়ের চূড়ায় উঠতে আমাদের হাঁটতে হয়েছিল প্রায় পাঁচ কিলোমিটার পাহাড়ি রাস্তা। গুনতে হয়েছে সর্বমোট ৫টি ট্রেইল, যার মধ্যে সবচেয়ে খাড়া ট্রেইলটা ৭২ ডিগ্রি কোণে ভূমি থেকে চূড়ার দিকে চলে গিয়েছে। যেখানে কোথাও এক ফুটের জন্য রাস্তা নিচের দিকে নামেনি! ট্রেইলের শুরু থেকে একদম চূড়া পর্যন্ত পুরোটাই খাড়া রাস্তা।