14/03/2026
ইতালিতে বসবাসরত প্রবাসীদের জন্য পরিবার আনার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। নতুন প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী, ফ্যামিলি রিইউনিয়ন ভিসার জন্য নুল্লা ওস্তা (Nulla Osta) এখন সর্বোচ্চ ৬০ দিনের মধ্যেই ইস্যু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগে যেখানে অনেক ক্ষেত্রে এই অনুমোদন পেতে ৫–৬ মাস বা প্রায় ১৫০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো, সেখানে নতুন নিয়ম প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমাবে বলে আশা করা হচ্ছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক দপ্তরগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ফাইল দ্রুত যাচাইয়ের জন্য ডিজিটাল ডকুমেন্ট ভেরিফিকেশন ব্যবস্থা চালু করা হয়েছে এবং প্রায় ৫০০ অতিরিক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
নুল্লা ওস্তা অনুমোদনের পর আবেদনকারীরা ঢাকায় VFS Global-এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা প্রক্রিয়া শুরু করতে পারবেন। সাধারণত এই অনুমোদনের মেয়াদ প্রায় ৬ মাস পর্যন্ত কার্যকর থাকে।
তবে দ্রুত অনুমোদন পেতে আবেদনকারীদের হাউজিং সার্টিফিকেট (Idoneità Alloggiativa), ইনকাম ডকুমেন্ট (Reddito/CUD/730) এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।