23/12/2024
#নতুন_যাত্রীদের_যে_বিষয়গুলো_জানা_প্রয়োজন।
রাত পোহালেই নড়াইলে ছুটে আসবে ট্রেন। সেই সাথে নড়াইল জেলা ৪৯ তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে প্রবেশ করবে। নড়াইলকে এখন আর কেউ No Rail (নো রেল) বলতে পারবে না। আগামীকাল ২৪শে ডিসেম্বর ২০২৪ এর এই দিনটি নড়াইল-লোহাগড়াবাসীর জন্য এক ঐতিহাসিক মুহূর্তের অবতারণা ঘটতে যাচ্ছে।
তবে আনন্দের সাথে রয়েছে কিছু অস্বস্তিও! যদি আমরা সচেতন না হই তবে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ট্রেন ছুটবে ঘন্টায় প্রায় ১০০ কিমি গতিতে। এই গতির ট্রেন মুহুর্তের মধ্যেই আপনার নিকটে চলে আসতে পারে তাই রেল লাইন থেকে চোখ-কান খোলা রেখে দূরত্ব বজায় রাখুন।
ট্রেনের হর্ণ খুব বিপজ্জনক উচ্চশব্দে বাজে। লোকোমোটিভের (ইঞ্জিনের) পাশে দাঁড়িয়ে থাকলে আচমকা হর্ন বেজে উঠলে কানের সমস্যা ও আতঙ্কিত হতে পারেন।
স্টেশনে ট্রেন প্রবেশ করলে আগে যাত্রীদের নামতে দিন, তারপর নিজে উঠুন। প্রতিটি স্টেশনে ৩/৪ মিনিট ট্রেন বিরতি দিবে। তবে যাত্রীর চাপ বেশি থাকলে বিরতি দীর্ঘ হতে পারে। নির্দিষ্ট সময়ে সাবধানে ট্রেনে উঠে নিজের সিটে গিয়ে বসুন।
জাহানাবাদ ও রূপসী বাংলা ট্রেনের "ক" বগি পিছনে অর্থাৎ খুলনার দিকে থাকবে। বাকি বগিগুলো পর্যায়ক্রমে সামনের দিকে থাকবে। সমস্যা হলে তাড়াহুড়া না করে যেকোনো বগিতে উঠে পড়বেন এবং ভিতরে গিয়ে নিজ বগি ও সিটে বসবেন।
ট্রেনের এক বগি থেকে অন্য বগিতে হেটে যাওয়া যায়, নামাজের স্থান ও খাবার গাড়িও থাকবে। প্রতিটি বগি বা কোচের দুই মাথায় টয়লেট আছে।
প্রতিটি স্টেশনে পৌঁছানোর আগে এনাউন্স করা হবে। এনাউন্স করলে নিজের মালপত্র গুছিয়ে নামার জন্য তৈরি হবেন।
প্রয়োজনে সাদা পোশাক পরা এটেন্ডেন্ট ও টিটিই'র সহায়তা নিতে পারেন।
সর্বপরি নিজে সচেতন থাকুন, সুন্দর থাকুন, পরিচ্ছন্ন রাখুন রেলকে। রেল আমাদের জাতীয় সম্পদ এর রক্ষণাবেক্ষণের দ্বায়িত্ব আপনারও।
আপনার যাত্রা শুভ হোক, আনন্দের হোক।
রেল ভ্রমণ করুন আর প্রকৃতি উপভোগ করুন।
🚉🚉
__________________
Md Sirajul Islam