01/09/2023
আগামীর বাহন বৈদ্যুতিক গাড়ি, বাইক, বৈদ্যুতিক সাইকেল।
বর্তমান বিশ্বের অনেক দেশই বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। গত একদশকে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ শিল্পে যুগান্তকারী পরিবর্তন এনেছে তেসলা, রিভিয়ান, এনআইওর মতো কোম্পানি। প্রচলিত দ্রুতগতির গাড়ি প্রস্তুতকারক ভলভো, জিএম, নিসান এবং ফোর্ডও বাজারে এনেছে বৈদ্যুতিক গাড়ির পসরা। বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ি বিক্রির রেকর্ড এখন সর্বোচ্চ। নরওয়ে, জার্মানি এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলোতেও দ্রুত বাড়ছে বৈদ্যুতিক গাড়ি কেনার হার। বর্তমানে চীনে বৈদ্যুতিক গাড়ি কেনায় পাঁচ বছর আগের হিসেবে সুবিশাল বাজার রয়েছে, যার হার প্রায় ২৮ শতাংশ। আসলে বৈদ্যুতিক গাড়ি এমন এক বাহন যা এক বা একাধিক বৈদ্যুতিক মোটরের সাহায্যে চলে এবং রিচার্জেবল ব্যাটারিতে সঞ্চিত শক্তি ব্যবহার করে পরিচালিত হয়। ১৮৮০ এর দশকে প্রথম ব্যবহারিক বৈদ্যুতিক গাড়ি তৈরি হয়েছিল। এরপর নানা গবেষণা ও অগ্রগতির পর ২০০৮ সাল থেকে ব্যাটারি শক্তির উন্নতি, গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ হ্রাস এবং নগরীর বায়ুদূষণের মানের উন্নতি করার কারণে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনে একটি পুনর্জাগরণ ঘটে। বৈদ্যুতিক গাড়ির চার্জিং বিভিন্ন চার্জিং স্টেশনগুলোতে করা যেতে পারে, এই চার্জিং স্টেশনগুলো বাড়ি এবং পাবলিক উভয় জায়গায়ই স্থাপন করা যেতে পারে।
ইউরোপ আমেরিকাসহ সারা বিশ্বেই বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ক্রমান্বয়ে বাড়ছে এবং নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। আগামী এক দশকের মধ্যেই হয়তো যুক্তরাজ্যে ডিজেল ও পেট্রলচালিত গাড়ি নিষিদ্ধ হয়ে যাবে। পরিবেশ সুরক্ষায় উন্নত দেশগুলো ইতোমধ্যে জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয় এমন যানবাহনের সংখ্যা কমানোর চিন্তা শুরু করেছে। পুরো ইউরোপ ২০৪০ সালের মধ্যে জ্বালানির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি চালু করার কথা ভাবছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও কয়েকটি প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করতে শুরু করেছে।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে অনেক গাড়ি নির্মাতা জীবাস্ম জ্বালানিনির্ভর গাড়ি থেকে বের হয়ে বৈদ্যুতিক গাড়ির দিকে এগোচ্ছে। এরই ধারাবাহিকতায় জার্মান অটোমোবাইল কোম্পানি বিএমডব্লিউ ২০৩০ সালের মধ্যে মেক্সিকোয় উৎপাদিত গাড়ির অর্ধেক বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরিত করতে চাচ্ছে। তবে বিএমডব্লিউ মেক্সিকোয় ইতোমধ্যেই ৩০ শতাংশ বৈদ্যুতিক গাড়ি বিক্রি করছে বলে খবরে প্রকাশ। প্রতিষ্ঠানটি জ্বালানির ব্যবহার কমাতে প্রচুর পরিমাণে পুনঃনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে হবে বলে মন্তব্য করেছে। এদিকে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ২০৩০ সালের মধ্যে তিন লাখ বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপনের মাধ্যমে জ্বালানি চালিত গাড়ি থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছিলেন। সে সময় তিনি প্রতি বছর দেশটির ৩০ শতাংশ হারে চার্জিং স্টেশন স্থাপন বাড়ানোর কথা বলেছিলেন।
বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় সুবিধা হলো এটি পরিবেশবান্ধব। তাই এটি ব্যবহারে পরিবেশের কম ক্ষতি হয় । তবে সময়ের প্রয়োজনে বাড়ছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ির চাহিদা ও আগামীতে এরাই রাস্তা দখল করবে।
সূত্রঃ নয়াদিগন্ত