05/05/2025
দুর্গম পাহাড়ে প্রথমবারের মতো স্কুলের ঘণ্টা – বিজিবির শিক্ষাদান উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয়রা
পাহাড়ি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নতুন এক উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের সীমান্তবর্তী ত্রীমতি কারবারী পাড়ায় স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথমবারের মতো শুরু হলো স্কুলের পাঠদান। বিজিবির আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) ওয়াংরাই পাড়া বিওপির পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয়দের আন্তরিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে ওয়াংরাইপাড়া বিজিবি প্রাথমিক বিদ্যালয়।
এ বিদ্যালয়ের মাধ্যমে পাঁচটি পাড়ার ৪২টি পরিবারের শিশুরা এখন প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাচ্ছে। দীর্ঘদিন ধরে এসব শিশুরা ছিল শিক্ষার আলো থেকে বঞ্চিত।
বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী। জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।
প্রথম ধাপে ২৫ জন শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই, শিক্ষা উপকরণ এবং এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়। এ ছাড়া স্থানীয়দের মাঝে স্বাস্থ্যসম্মত মশারিও প্রদান করা হয়।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে তারা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। শিক্ষার আলো পৌঁছে দিয়ে বিজিবি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে সচেষ্ট।
এই বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় শিশুদের জন্য উন্মুক্ত হলো একটি সুন্দর ভবিষ্যতের দ্বার।